আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় কোনোভাবেই থামান যাচ্ছে না জনসমাগম। বিশেষ করে হাট-বাজারগুলোতে মানুষ ঈদের বাজারের মতো করে জড়ো হচ্ছেন। গতকাল সোমবার সকাল থেকে সরেজমিনে উপজেলার গোপালদী বাজার, রামচন্দ্রাদী বাজার, মানিকপুর, দয়াকান্দা, সুলতানসাদী, উচিতপুরা, কালিবাড়ী, ধুপতারা, মানেহর, বালিয়াপাড়া, দুপ্তারা বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। কাউকে কাউকে বিনা প্রয়োজনে বাজারে ঘোরাফেরা এমনকি খোশগল্পে মাততে দেখা গেছে। সরকারি নির্দেশনায় ঘরে থাকার কথা বলা হলেও অনেকেই তা মানছে না। প্রয়োজনে যেমন বের হচ্ছেন তেমন বেশিরভাগ মানুষই বের হচ্ছেন অপ্রয়োজনে। মানুষের এহেন কর্মকাণ্ডে সচেতন নাগরিকরা চিন্তিত। এর মধ্যে একাধিকবার প্রশাসন থেকে মাইকিং করেও মানুষকে ঘরে ফেরানো যাচ্ছে না।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন জানান, আমরা সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে টহল শুরু করেছি। দিনব্যাপী আমাদের টহল অব্যাহত থাকবে। আমরা একদিক থেকে সরিয়ে আরেক দিকে চলে গেলেই মানুষ আবারও জড়ো হয়ে যায়। তবে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এ জনসমাগম ঠেকাতে।