ইত্তেফাক ডেস্ক
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলায় করোনা সংক্রমণ মোকাবিলায় পিপিইসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এ ছাড়াও সংস্থাটির উদ্যোগে এ তিন উপজেলায় কর্মহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।
ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রাপ্ত করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এরই মধ্যে রয়েছে— ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি। গত রবিবার সকালে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম এসব সামগ্রী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. এইচ এম জহিরুল ইসলামের হাতে তুলে দেন। ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, এই দুর্যোগ মুহূর্তে এ সব সামগ্রী পাঠানোর জন্য হাসপাতালের সব ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে ধন্যবাদ ও তার দীর্ঘায়ু কামনা করছি। এদিকে আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্বাচনি এলাকা অন্য দুই উপজেলা ইন্দুরকানী ও কাউখালীর স্বাস্থ্য বিভাগেও অনুরূপভাবে তার প্রেরিত সামগ্রী বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মুজাহিদ ও কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। এ তিন উপজেলায় আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত উদ্যোগে সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে বিনা মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন স্ব স্ব উপজেলার প্রশাসন, জাতীয় পার্টি-জেপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালীতে গরিব, অসহায় ও কর্মহীন দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সোমবার কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গণে ৫ শত পরিবারকে খাদ্য সহায়তার জন্য পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য আট কেজি করে চাল, দুই কেজি আলু ও এক কেজি ডাল, সয়াবিন তেল এক লিটার, লবণ এক কেজি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম প্রমুখ।