চান্দিনায় কাজের সন্ধানে ঘরের বাইরে শ্রমজীবী মানুষেরা

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

করোনা ভাইরাস সতর্কতায় ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই কুমিল্লার চান্দিনায় গতকাল জনসমাগম আগের চেয়ে বেশি ছিল। বিশেষ করে রিকশাচালকসহ শ্রমজীবী মানুষকে বাড়ির বাইরে বের হতে দেখা গেছে।

চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতি গত ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চান্দিনা উপজেলার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সেই অনুযায়ী দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে ওষুধ, মুদি ও কাঁচাবাজার খোলা রয়েছে। দোকানপাট বন্ধ ও জনসমাগম না থাকায় ভোগান্তিতে পড়েন শ্রমজীবী মানুষেরা। এরকম অবস্থায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জীবন সংগ্রাম অব্যাহত রেখেছেন।

সোমবার সকালে চান্দিনা উপজেলা সদর ও মধ্য বাজার এলাকা ঘুরে দেখা যায়, শ্রমজীবী ও রিকশাচালকরা কাজের সন্ধানে রাস্তায় বের হয়েছেন। চান্দিনা মধ্য বাজারে কথা হয় রিকশাচালক অলি মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গত দুই দিন বাজারে যেতে পারিনি। আজ বের হয়েছি। মানুষের মুখে মুখে শুনেছি দেশে আর করোনা নাই।’

এদিকে চান্দিনা উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ৩১০ জন হতদরিদ্রকে সরকারি ত্রাণসামগ্রী হিসেবে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ওই ত্রাণ পৌঁছে দেন। তবে ত্রাণসামগ্রীর বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে জানান স্থানীয়রা।