পরে প্রশাসনের হস্তক্ষেপে আশ্রয়দান
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
করোনা সন্দেহে জেলার রাঙ্গাবালী উপজেলায় রেনিস বেগম মালা (৪২) নামে এক স্বামী পরিত্যক্ত নারীকে আশ্রয় দেয়নি তার স্বজনরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে তার সত্ ভাই।
রবিবার রাতে কারও কাছে আশ্রয় না পাওয়ায় রেনিস বেগম সড়কেই থাকতে বাধ্য হন। এরপর বিষয়টি প্রশাসনের নজরে এলে সোমবার দুপুরে তাকে তার সত্ ভাই জসিম হাওলাদারের কাছে রাখা হয়। উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে । ঐ নারী সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নূর হোসেন হাওলাদারের মেয়ে এবং ঢাকার উত্তর মুগদাপাড়ায় বসবাস করছিলেন। এক সপ্তাহ আগে রেনিস ঢাকা থেকে রাঙ্গাবালী এসেছেন। কয়েকদিন গ্রামে ভগ্নিপতি শাবু হোসেনের বাড়িতে আশ্রয় নেন। পরে অসুস্থতার কারণে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে খালগোড়া বাজারে বসবাসরত সত্ ভাই জসিম হাওলাদারের কাছে আশ্রয় নিতে গেলে সেখানেও তাকে থাকতে দেওয়া হয়নি। স্থানীয়দের বক্তব্য, ঢাকা থেকে আসা ঐ নারীকে করোনা সন্দেহে কেউ আশ্রয় দেয়নি। রেনিসের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্বামী পরিত্যক্ত। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্তও। সত্ ভাই জসিম হাওলাদারের স্ত্রী রিনা বেগম বলেন, ‘করোনা সন্দেহেই কেউ তাকে আশ্রয় দেয়নি। আমরা ভাড়া বাসায় থাকি। সেখানে কী বাড়িওয়ালা তাকে থাকতে দেবেন।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, রেনিস বেগমকে তার ভাইয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ঘটনাটি শুনেই তাত্ক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে এনে ডাক্তার দেখানো হয়েছে। তার মধ্যে করোনার কোনে লক্ষ্মণ নেই। তার স্বাভাবিক শারীরিক অসুস্থতার চিকিত্সা দেওয়া হবে।