গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বখাটের লোকজনের হামলায় ভাই ও চাচা গুরুতর জখম হয়েছেন। উপজেলার ইকুড়ি বাথানপাড়া গ্রামে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ইকুড়ি গ্রামের রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে পাশের বাথানপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে অটোচালক জাকিরুল ইসলাম (২২) স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে মেয়ের চাচা শরীফ হোসেন ঐ বখাটেকে নিষেধ করলে সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে জাকিরুল তার চাঁদপুর গ্রামের মামার পরিবারের লোকজন নিয়ে হামলা চালায়। হামলাকারী সমসের আলীর ছেলে কটা, জিয়ারুল ইসলাম, সুন্নত আলী, আশাদুল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাথানপাড়া গ্রামে হামলা চালিয়ে বীরদর্পে চলে যায়। মেয়ের ভাই আহত রাজন জানান, বখাটে জাকিরুল ও তার পরিবারকে এই উত্ত্যক্তের কথা জানানো হলে ঐদিন চাচা শরীফ হোসেনকে বেদম প্রহার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে থানায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। তারা হচ্ছেন : ইয়ারুল ইসলাম (২৫) ও জামিরুল ইসলাম (২৮)। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।