তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে বিনোদপুর-খড়খড়িয়া রাস্তা নির্মাণে অতি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে উঠেছে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
এদিকে সামাজিক নিরাপত্তা বজায় না রেখে প্রায় অর্ধশতাধিক নির্মাণশ্রমিক একই স্থানে কাজ করায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। উপজেলা প্রোকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৯৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার ঐ রাস্তার নির্মাণকাজের দায়িত্ব পায় জালাল কনস্ট্রাকশন। পরে কাজটি কিনে নেয় পাঠান কনস্ট্রাকশন।
স্থানীয় সুলতান মাহমুদ, রমজান আলী, আবদুস সবুর, কাজেম উদ্দিন, শাজাহান মিঞা, রহিম মণ্ডল, আব্দুর রশিদ অভিযোগ করেন, করোনা ভাইরাসের কারণে সাংবাদিকসহ সাধারণ লোকজন খুব একটা ঘর থেকে বের হচ্ছেন না সেই সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অধিক সংখ্যক শ্রমিক লাগিয়ে তড়িঘড়ি রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করে।
অভিযোগ পেয়ে রাস্তার কাজ পরিদর্শনে যান উপজেলা প্রোকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার নাজমুল হাসান। তিনি তত্ক্ষণাত্ রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দেন। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান পাঠান কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মমিন পাঠান বলেন, সামান্য কিছু নিম্নমানের ইটের খোয়া দেওয়া হয়েছিল। তা সরিয়ে নিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা প্রোকৌশলী বাবলু মিঞা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিনোদপুর-খড়খড়িয়া রাস্তা থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।