চট্টগ্রাম অফিস
বোয়ালখালী উপজেলার হাজিরহাট এলাকায় মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে বোয়ালখালী পৌর সদরের হাজিরহাট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। নিহত দুই জন হলো—শারমিন আক্তার (২৭) ও তার দেড় বছর বয়সি মেয়ে তাসলিমা আক্তার। শারমিন আক্তার পশ্চিম গোমদণ্ডী ফুলতলা এলাকার মো. সেলিমের স্ত্রী। তারা হাজিরহাট এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দীন ফারুকী ইত্তেফাককে বলেন, হাজিরহাট এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। শারমিনের স্বামী সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
১ লাখ পরিবারকে সাবান বালতি মাস্ক
করোনা ভাইরাস প্রতিরোধে নগরবাসীকে নিরাপদ রাখতে এলআইপিইউসির সহযোগিতায় ৪১টি ওয়ার্ডে ১ লাখ অসচ্ছল পরিবারের মধ্যে হাত ধোয়ার সাবান, বালতি ও মাস্ক বিতরণ করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি দামপাড়ার চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।
সভার সিদ্ধান্ত অনুসারে চসিক পরিচ্ছন্নকর্মীদের মধ্যে গতকাল সোমবার ৪ হাজার হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। এছাড়া চসিকের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে ৪৮৮ কেজি চাল ও ১০০ কেজি ডাল বিতরণের জন্য সেগুলো ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে গত পাঁচ দিন ধরে নগরের বিভিন্ন সড়কে প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটাচ্ছে চসিক। এরই ধারাবাহিকতায় খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ, বাগমণিরাম, গোসাইলডাঙ্গা ও উত্তর কাট্টলীতে প্রায় ৫০ হাজার লিটার জীবাণুনাশক পানি ছিটানো হয়। গতকাল সোমবার দেওয়ানহাট থেকে কাস্টম হাউজ, নিমতলা থেকে বড়পোল পোর্ট কানেকটিং রোড, দুই নম্বর গেট থেকে বায়েজিদ বোস্তামী সড়ক হয়ে অক্সিজেন মোড় ও সাগরিকা রোডে এ কার্যক্রম শুরু হয়েছে।
চসিকের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও করোনা প্রতিরোধে জীবাণুনাশক মেশানো পানি ছিটানো হচ্ছে।