করোনা প্রতিরোধে কোন দল কী করছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। সরকার, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপিসহ উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠনগুলোও দলগতভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং হতদরিদ্র দিনমজুরদের কাছে জীবাণুনাশক পণ্য, মাস্ক ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। কোনো কোনো সংগঠন করোনায় আক্রান্তদের সেবায় মেডিক্যাল টিম গঠন করেছে। আবার টেলিফোনে পরামর্শ ও সেবা দিতে কেউ চালু করেছে হটলাইন।

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সারাদেশে সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার বলেছেন, ‘এই মানবিক বিপর্যয়ের মুখে করোনা ভাইরাস প্রতিরোধে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ করছেন, কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। জাতীয় প্রেসক্লাবের সামনেসহ বিভিন্ন স্থানে বিএনপির টিম হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন। বর্তমানে বিএনপির নেতারা এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন দেশব্যাপী মানুষের মধ্যে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং দুস্থদের মধ্যে    খাদ্যপণ্য বিতরণ করছেন।

গতকালও রাজধানীতে অসহায়, দুস্থ ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। করোনায় আক্রান্তদের টেলিফোনে প্রয়োজনীয় পরামর্শ দিতে হটলাইন চালু করেছে বিএনপিপন্থি চিকিত্সকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’। হটলাইন ও জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ও। সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার জানান, হটলাইনে সেবাদানকারী চিকিত্সকেরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেবেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মেডিক্যাল টিম টেলিফোনে বিভিন্ন পরামর্শ দেবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন ব্যক্তিগত উদ্যোগে কয়েক দিন ধরে অসহায়দের মধ্যে খাদ্যপণ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়ালও ঢাকা উত্তরের বিভিন্ন স্থানে ব্যক্তিগত উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) করোনা দুর্যোগ মোকাবিলায় একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং জেলা ও উপজেলাসমূহে সরেজমিনে কাজ করার জন্য আটটি বিভাগীয় কমিটি গঠন করেছে। জাপার চেয়ারম্যান জি এম কাদের গতকাল এই ৯টি কমিটি গঠন করেন।

জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরাও ঢাকাসহ প্রায় সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের অনুরোধে নেতাকর্মীরা অসহায়দের মধ্যে সাধ্যমতো জীবাণুনাশক পণ্য, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন ও সহায়তার জন্য প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। শনিবার এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এ ব্যাপারে কী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তা কেন্দ্রকে জানাতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি দলীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

করোনায় আক্রান্তদের জরুরি সেবা দিতে চিকিত্সকদের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করেছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও (আইএবি) নানা কর্মসূচি গ্রহণ করেছে।