ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ট্রুডোর ৭৫ শতাংশ ভর্তুকির ঘোষণা

করোনার ক্ষয়ক্ষতি মোকাবিলায় শুধু স্বাস্থ্য, চাকরি খাতেই নয় ব্যবসায়ীদের জন্যও কানাডা সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৫ শতাংশ পর্যন্ত ভর্তুকির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গত শুক্রবার তার বাসভবন রিডোকটেজে ‘ডেইলি আপডেট’ দেওয়ার সময় তিনি ১০ শতাংশ ভর্তুকির ঘোষণা দেন পরে সেটা যে অপ্রতুল ছিল তা তিনি স্বীকার করে নেন। তিনি আরো বলেন, ‘এটা সুস্পষ্ট যে আমাদের আরো বেশি কিছু করা উচিত; সেজন্য উপযুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ভর্তুকির পরিমাণ ৭৫ শতাংশ করা হয়েছে। এই ভর্তুকি সংক্রান্ত প্রণোদনা গত ১৫ মার্চ থেকে কার্যকর হবে। এছাড়া ট্রুডো জানান, তার সরকার ‘কানাডা ইমার্জেন্সি বিজনেস অ্যাকাউন্ট’ কার্যক্রমের অধীনে ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসাপ্রতিষ্ঠানকে এক বছরের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত সুদবিহীন ঋণ প্রদান করবে।

টরন্টো-মন্ট্রিলে বেশ কয় জন বাংলাদেশি করোনায় আক্রান্ত!

টরন্টো এবং মন্ট্রিলে বেশ কয় জন বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাদের নাম জানা গেছে, তারা হচ্ছেন টরন্টোর বাঙালি কমিউনিটির পরিচিত মুখ হাজী তুতিউর রহমান। স্থানীয় হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ চৌধুরী সস্ত্রীক অসুস্থ অবস্থায় বাসায় আছেন। ডাক্তার বলেছেন তিনি আশঙ্কামুক্ত এবং আরোগ্যের পথে।