করোনার বিস্তার রোধে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে শুরু থেকেই পুলিশের ২ লক্ষাধিক সদস্য বিভিন্ন প্লাটফরমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারাদেশে অগণিত মানুষের সঙ্গে পুলিশের সাক্ষাত্ হচ্ছে প্রতিদিন। এর মধ্যে গুটিকয়েক ঘটনার সময় পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। এই বিষয়গুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো উপায়ে পুলিশ সদর দপ্তরের দৃষ্টিতে আসা মাত্রই মাঠ পর্যায়ে ইউনিট কমান্ডারদের তাত্ক্ষণিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইজিপি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় এবং মোবাইল ফোনে অপারেশনাল সকল কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। ফলে একই ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের দৃষ্টিতে পড়েনি।
তারপরও কিছু কিছু ক্ষেত্রে নতুন করে পুরাতন অভিযোগগুলো নিয়ে খবর প্রকাশ করা হচ্ছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করে পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, গুজব ছড়িয়ে ও মিথ্যাচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মিথ্যা তথ্য বা গুজব মোকাবিলায় ৯৯৯ অথবা তথ্য অধিদপ্তরের ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ নম্বরে অথবা ই-মেইল- piddhaka@gmail.com জানাতে বলা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি