প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকে ‘মির্জাপুরে রোগী শূন্য হাসপাতাল কুমুদিনী লকডাউন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ। এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ১০৫০ শয্যা বিশিষ্ট কুমুদিনী হাসপাতালে গড়ে প্রতিদিন ১৬০০ থেকে ১৮০০ রোগী সেবা গ্রহণ করে। এই দুঃসময়েও কুমুদিনী হাসপাতাল তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত এই হাসপাতাল তার নিজস্ব উদ্যোগে  ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিয়ে  চিকিত্সা সেবা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চলছে সব রকম অপারেশন, কিডনী ডায়ালাইসিস, ক্যামোথেরাপি থেকে শুরু করে সব রকম চিকিত্সা সেবা।

প্রতিবাদলিপিতে আরো বলা হয়, হাসপাতাল বহি:বিভাগে মেডিসিন, গাইনী-অবস, সার্জারী, অর্থোপেডিক্স, শিশু বিভাগ ও অন্যান্য বিভাগ সহ ২৪ ঘন্টা জরুরী বিভাগ খোলা আছে। করোনা  ভাইরাস সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদানের জন্য করোনা ইউনিট খোলা হয়েছে। কুমুদিনী হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেট্রন, নার্সিং কলেজের অধ্যক্ষ প্রত্যেকেই হাসপাতালে উপস্থিত থেকে চিকিত্সা সেবা কার্যক্রম সার্বক্ষনিক তত্বাবধান করছেন। পাশাপাশি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট এর পক্ষ থেকে মাক্স, হ্যান্ড সেনিটাইজার ও বিভিন্ন খাদ্য দ্রব্য সাধারণ মানুষের মাঝে বিতরণ করছে এবং করোনা সংক্রমন বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায়  কুমুদিনী হাসপাতাল লকডাউন এ জাতীয়  সংবাদ প্রকাশ হওয়া খুবই দুঃখজনক।