দেশে আরো এক জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনা ভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো চার জন। আক্রান্তদের মধ্যে এ নিয়ে মোট ১৯ জন সংক্রমণমুক্ত হলেন। নতুন যারা সুস্থ হয়েছেন, তাদের মধ্যে আশির বেশি বয়সি এক জনসহ তিন জন বয়স্ক ব্যক্তিও রয়েছেন বলে জানান ডা. ফ্লোরা।
নতুন করে কারো মৃত্যুর তথ্য না আসায় বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা আগের মতোই পাঁচ জনে রয়েছে। আইইডিসিআরের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা পরীক্ষা করে এক জনের সংক্রমণের বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। এর মধ্যে আইইডিসিআরের বাইরের গবেষণাগারে পরীক্ষা করা নমুনাও রয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানান ডা. ফ্লোরা। আইইডিসিআর পরিচালক জানান, যিনি নতুন সংক্রমিত হয়েছেন, তিনি এক জন নারী, বয়স ২০ বছরের মধ্যে। তার সংক্রমণের উত্স খোঁজা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে। নতুন যারা সুস্থ হয়ে বাড়ি গেছেন, তাদের মধ্যে এক জন চিকিত্সক এবং এক জন নার্সও রয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুইটি পরীক্ষায় যদি কারো নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া না যায় তাহলে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে ধরে নেওয়া হয়। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়াদের মধ্যে এক জনের বয়স আশি বছরের বেশি। দুই জনের বয়স ষাটের বেশি। আমরা সব সময় তাদের ঝুঁকিপূর্ণ বলে থাকি। সেজন্য বয়োজ্যেষ্ঠদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করতে পারে। আমরা তাদের আশ্বস্ত করতে চাই যে বয়োজ্যেষ্ঠ হলেই তাদের জন্য রোগটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তা নয়। তাদের স্বাস্থ্যের কথা মনে রেখে অতিরিক্ত সতর্ক থাকতে বলছি। যারা সুস্থ হয়েছেন তাদের তিন জনই নানা রোগে ভুগছিলেন। তিন জনের উচ্চ রক্তচাপ, এক জনের হাঁপানি, দুই জনের ডায়াবেটিস রয়েছে। এখন কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন আরো ছয় জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬২ জন।
দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও এই ভাইরাসসৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিত্সায় নানা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের পরিচালক হাবিবুর রহমান। তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্তদের সেবা দিতে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২০০টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। হাবিবুর রহমান জানান, দেশে সব মিলিয়ে ৫৫ হাজার ৫৮৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। যাদের মধ্যে ২৯ হাজার ৫৬০ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করতে সারাদেশে নতুন ১৭টি ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এই কথা জানান। জাহিদ মালেক বলেন, ল্যাব বাড়ানো হচ্ছে যাতে তাড়াতাড়ি পরীক্ষা করতে পারে।