চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কাঁপছে ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা আতঙ্ক নিয়ে আবারো কবিতা লিখলেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৩০মার্চ) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় তার নতুন কবিতা ‘কোভিড ১৯’। করোনা সঙ্কট নিয়ে এটা দ্বিতীয় কবিতা মমতার।
‘বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা / মানুষ, মানুষ থেকে দূরে। / ছোঁয়া যাবে না— স্নেহের পরশকে।’ কবিতার প্রথম স্তবক এ রকমই। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব কতটা আতঙ্কিত, তারই প্রতিফলন এই কবিতায়। সংক্রমণের কবলে পড়ার আশঙ্কায় মানুষ যে মানুষের স্পর্শকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এখন— সে কথাই কবিতায় তুলে ধরেছেন তৃণমূলের চেয়ারপার্সন।
রাজনৈতিক ইস্যু হোক বা সামাজিক, কোনও ইস্যু বহুচর্চিত হয়ে উঠলে তা নিয়ে নিজের মতামত কবিতায় তুলে ধরতে মমতা বেশ পছন্দ করেন। তাই কাশ্মীর হোক বা অযোধ্যা, সিএএ-এনআরসি হোক বা করোনা সংক্রমণ— সাম্প্রতিক কালের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কলম ধরেছেন তিনি।
আরো পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৬ , মৃত ৬
করোনা নিয়ে এটা তাঁর দ্বিতীয় কবিতা। প্রথমটার নাম ছিল ‘করোনা’। ১৯ মার্চ ফেসবুকে কবিতাটি পোস্ট করেছিলেন মমতা। আর সোমবার ‘কোভিড ১৯’ নামে দ্বিতীয় কবিতাটি ফেসবুকে পোস্ট করেন তিনি। সূত্র: আনন্দবাজার
ইত্তেফাক/এমআর