দিনাজপুর-৩ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোটের নৌকা মার্কার প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। আমরা আর গরিব রাষ্ট্র নই। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।
বুধবার শহরের গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর ইজিবাইক মালিক শ্রমিক সোসাইটির উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। হুইপ ইকবালুর রহিম আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে শ্রমিকদের মুখে হাসি ফুটিয়েছেন। স্বচ্ছন্দে ইজিবাইক চালক ভাইয়েরা এখন দিনের পর দিন রাস্তায় চলাচল করছে। তারা আজ না খেয়ে থাকেন না। শ্রমিকদের সন্তানেরা বিনা পয়সায় বই পেয়ে স্কুলে গিয়ে পড়ালেখা শিখছে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইজিবাইক মালিক শ্রমিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ জানান হুইপ ইকবালুর রহিম। সেইসাথে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
নির্বাচনী সমাবেশে দিনাজপুর ইজিবাইক মালিক শ্রমিক সোসাইটি জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইজিবাইক মালিক শ্রমিক সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ।