কুমিল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার সাইলচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জেলার মুরাদনগর উপজেলার শ্রীরাম্পুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বারগামী একটি মোটরসাইকেলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি খালি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী রুবেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। দেবিদ্বার থানার ওসি মোঃ জহিরুল আনোয়ার জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।