গফরগাঁওয়ে নৌকা মার্কার পক্ষে ব্যবসায়ী সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ বাবেলের নৌকা মার্কার পক্ষে থাকার অঙ্গীকার করলেন গফরগাঁওয়ের হাজারো ব্যবসায়ী। বুধবার রাতে গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পৌর শহরের মধ্যবাজারে এক ব্যবসায়ী সমাবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলের কাছে এ প্রতিশ্রুতি দেন তারা। এ সময় ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চেয়ে ফাহমী গোলন্দাজ বাবেল শান্তিপূর্ণ, ব্যবসাবান্ধব পরিবেশ অক্ষুণ্ন রাখতে নৌকায় ভোট চান তিনি। প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বিএনপি-জামায়াতের নির্যাতনের কারণেই বাংলাদেশের ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, সাংবাদিক, আলেম-ওলামা, কৃষক, শ্রমিক সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করবে।

গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুর মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী মন্টু, আকরাম হোসেন মুক্তা, মো. ইলিয়াস, আব্দুল হামিদ বাচ্চু, মাজহারুল এহসান মোরাদ, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব আতাউর রহমান সাজা প্রমুখ। সমাবেশে গফরগাঁও বাজারের কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন।