দীঘিনালায় অজ্ঞাত রোগে আরো ১৩ শিশু আক্রান্ত

দীঘিনালার প্রত্যন্ত পাহাড়ি পল্লী রথীচন্দ্র কার্বারী পাড়ায় প্রচণ্ড জ্বর, গায়ে লাল ফোস্কার মতো দাগ এবং চোখ মুখ লাল হয়ে যাওয়ার লক্ষণ নিয়ে নতুন করে আরো ১৩ শিশু আক্রান্ত হয়েছে। অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের স্থানীয় সরকারি হাসপাতালে  ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত রথীচন্দ্র কার্বারী পাড়ায় আক্রান্ত হয়েছে ৩৪ শিশু।

 

এদিকে মঙ্গলবার সকালে রোগাক্রান্ত শিশুদের  সেনাবাহিনী এবং স্থানীয় বিভাগ যৌথ চিকিৎসাসেবা পরিচালনা করে। এ সময় রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। 

 

মঙ্গলবার সকালে আক্রান্ত ৬ শিশুকে জেলা সদর হাসপাতাল এবং ৭ শিশুকে দীঘিনালা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে গত সোমবার আক্রান্ত ২১ শিশুকে ভর্তি করা হয়েছিল দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অজ্ঞাত এ রোগে আক্রান্ত  হয়ে গত শনিবার রাতে ধনিতা ত্রিপুরা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। 

 

এ ব্যাপারে দীঘিনালা সেনা জোনের কমান্ডার লে. কর্নেল আদনান কবির জানান, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসার ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তা ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের পরিবারের জন্য পর্যাপ্ত রেশন সামগ্রীসহ যাতায়াতের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। 

আরো পড়ুন : সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, সন্দেহ ‘করোনা’

দীঘিনালা সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আহসান হাবীব নোমান জানান, রথীচন্দ্র পাড়ার অধিকাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। তারা শিশুদের কোন টিকা দেয় না। রোগের লক্ষণ দেখে প্রাথমিকভাবে হাম বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে দীঘিনালার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অবস্থা এখন  উন্নতির দিকে। তা ছাড়া স্বাস্থ্য বিভাগ থেকেও রথীচন্দ্র্র কার্বারী পাড়ায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি