বিজয়নগরে নৌকার প্রচারণা তুঙ্গে, বিএনপির প্রচারণা নেই

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করে ভোটের প্রচারণা করছেন মহাজোট নেতারা।

এসময় বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামলের পক্ষে তেমন নির্বাচনী প্রচারণা চোখে পড়ছে না।

এই উপজেলায় নৌকার প্রার্থী মোকতাদির চৌধুরীর সাথে সাথে মূল প্রচারণা চালাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর-এর সাবেক মহাপরিচালক ও মোকতাদির চৌধুরীর স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন। তিনি সকাল হতে রাত পর্যন্ত নৌকায় ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। এছাড়াও নৌকাকে বিজয়ী করতে তার সাথে নির্বাচনী প্রচারণায় রাত-দিন প্রচারণা চালাচ্ছেন ব্যবসায়ী এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী নেতা আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভির ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দ্বীপক চৌধুরী বাপ্পী, নিউলাইন গ্রুপের এমডি লায়ন আকরাম খান, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী লিটনসহ মহাজোট ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অন্যদিকে এই আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব নির্বাচনের শুরুতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ করলেও দলীয় নেতা-কর্মীরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি হওয়ায় এখন তার পক্ষে কেউ মাঠে নামছে না। ফলে বিএনপির কোনো প্রচারণা চোখে পড়ে না।