মহাদেবপুরে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ততই বাড়ছে। ইতোমধ্যেই বিএনপির অনেক নেতাকর্মী পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। বিএনপির অভিযোগ, রাতের আঁধারে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করছে। নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে ও আতঙ্ক ছড়ানোর জন্য পুলিশ হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। ফলে এ উপজেলার কয়েকশ’ নেতাকর্মী পুলিশি গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়েছেন।

জানা গেছে, নাশকতা পরিকল্পনার অভিযোগে গত ১৬ ডিসেম্বর রাতে বাড়ির দরজা ভেঙে উপজেলার রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক শরিফুল ও সাধারণ সম্পাদক আলী মোর্তুজা বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে গত ২৪ ডিসেম্বর রাতে উপজেলা সদরের মাছের মোড় থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, গত ২৩ ডিসেম্বর খাজুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন ও গত ২৫ ডিসেম্বর রাতে বিএনপি নেতা রফিকুল ইসলাম, মিজানুর রহমান, হাজিম উদ্দীন এবং আব্দুল কুদ্দুস মৃধাকে মহাদেবপুর থানা পুলিশ গ্রেফতার করে। বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি অভিযোগ করে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বিএনপির নেতা- কর্মীদের পুলিশি হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘নাশকতা পরিকল্পনার অভিযোগে পূর্বের একটি মামলায় বিএনপির ওইসব নেতাকে গ্রেফতার করা হয়েছে।