সিলেট-১ (সদর ও মহানগর) আসন

নৌকা ও ধানের শীষের জমজমাট শেষ প্রচারণা

সিলেট-১ (সদর ও মহানগর) আসনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জনসংযোগ ও শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। তাই বিভাগীয় নগরী ছিল বৃহস্পতিবার উত্সবমুখর। তবে জমজমাট প্রচারণার মধ্যে চাপা উত্তেজনাও ছিল।

মহাজোট মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেনের নৌকা প্রতীকের সমর্থনে সিলেট নগরীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সন্যায়। সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আপনাদের ভোটে গত ১০ বছর আমি আপনাদের প্রতিনিধি ছিলাম। সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা দিয়ে আপনাদের সেবা করেছি। তিনি বলেন, ড. মোমেনকে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-১ আসনে প্রার্থী করেছেন। এ আসনে আপনারা আমাকে যেভাবে নির্বাচিত করার মাধ্যমে সিলেটসহ দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ দিয়েছেন, সেভাবে আমার ছোট ভাই মোমেনকেও ভোট দিয়ে বিজয়ী করবেন।   সভায় ড. একে আব্দুল মোমেন বলেন, ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বের সরকার পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন। দেশের মানুষের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে শেখ হাসিনা সরকার বার বার দরকার।

এর আগে বৃহসপতিবার বিকালে নির্বাচনী সর্বশেষ মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়। নির্বাচনী গান, জিতবে আবার নৌকা, জয় বাংলা, বাউল শিল্পী শাহ আব্দুল করিমের গান আর নৌকার নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সিলেট নগরী। মিছিলটি পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

এদিকে একই দিন এই আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর জিন্দাবাজারে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে গণসংযোগ পরবর্তী নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সমাবেশে আরো বক্তব্য রাখেন সর্বদলীয় ছাত্র ঐক্যজোটের নেতা ও সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রুবেল, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি, সাধারণ সমপাদক ফজলে রাবি" আহসান, সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি ফরিদ আহমদ, সাংগঠনিক সমপাদক মামুন হোসাইন, সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল ও জেলা পূর্ব শিবিরের সেক্রেটারি রুকন উদ্দিন। দুপুরে খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর আম্বরখানা থেকে চৌকিদেখি পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর ২৩ দলীয় জোটের সদস্য সচিব ও মহানগর জামায়াতের নায়েবে হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সমপাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির যুগ্ম এমদাদ হোসেন চৌধুরী, সাবেক পৌর কমিশনার কামাল মিয়া প্রমুখ।