ভোটের চেয়ে পেট বড় বাহে!

সারাদেশের মতো ফুলবাড়ীতে উত্সবমুখর পরিবেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও সমর্থকরা সাধারণ মানুষ ও ভোটারদের কাছে গিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে নির্বাচনের কোনো প্রভাব পড়েনি এলাকার সাধারণ খেটে-খাওয়া নিম্ন শ্রেণির মানুষের উপর। বিভিন্ন পেশার কর্মজীবী মানুষেরা নানা কাজে তাদের দিন পার করছেন। তেমনি ফেরিওয়ালারা জীবন-জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে ফুলাবাড়ীতে।

ফেরিওয়ালারা পরিবারের সদস্যদের মুখে দু-বেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যে কেউ হেঁটে বিক্রি করছেন বাদাম, চানাচুর ও বই, কেউ সাইকেলে করে বিক্রি করছেন কসমেটিকস সামগ্রী, তৈজসপত্র, আবার অনেকেই তৈরিকৃত লেপ-তোষক ও গরমের কাপড় ফেরি করছেন। তাদের কাছে ভোটের চেয়ে পেট বড়। তাই তারা উপার্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ফেরিওয়ালা রফিকুল ইসলাম (৪২)। বাড়ি লালমনিরহাট সদরের সবুজ পাড়া। তিনি প্রতিদিন বিভিন্ন কসমেটিকস উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফেরি করেন। তিনি বলেন, গরীব মানুষ এসব ফেরি করে জীবন বাঁচাই। ভোটের দিন ভোট দিবো। তবে ভোটের চেয়ে পেট বড়।