নির্বাচন ৫০ শতাংশ সুষ্ঠু হলেই জয়ী হব ----- রেজা কিবরিয়া

 ‘যতই বাধা আসুক তাদের নির্যাতনে আমাদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে। আমি জানি নির্বাচন সুষ্ঠু হবে না। তবুও যদি ৫০ শতাংশ সুষ্ঠু হয় তাহলেই আমি জয়ী হবো। আওয়ামী লীগ নগ্ন কারচুপি, টেবিল কাস্ট করেও জয়ী হতে পারবে না।’

বুধবার নবীগঞ্জ উপজেলা জালালসাফ গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি আরো বলেন, পুলিশ আমাকে কোনো প্রচারণা করতে দেবে না। এটাই তাদের মূল উদ্দেশ্য। ইলেকশন কমিশন কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান।

রেজা কিবরিয়া আরো বলেন, সরকার আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিক যে, আমরা ভোটের প্রতিযোগিতায় অভ্যস্ত না। আমরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন চাই। আমরা চাই বিরোধী দল সরে যাক। আমরা পোষা বিরোধী দলে অভ্যস্ত। দেশের মানুষের সামনে তারা ওপেনলি বলে দিক। সেটি ভালো। তাহলে আমরা তা বিবেচনা করে দেখব। আওয়ামী লীগের অভ্যাস নষ্ট হয়ে গেছে ২০১৪ সালের নির্বাচনের পর। তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। মামলার কোনো হিসেব নেই। আমার প্রচারণা অত্যন্ত সফল হচ্ছে। তা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।