চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ৩ ঘর ভস্মীভূত, অন্তঃসত্ত্বাসহ আহত ২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাশি ডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি দোচালা টিনের ঘর আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বাসহ দুই জন আহত হয়েছেন। এতে দুটি পরিবারের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে রান্না ঘরের চুলার গরম ছাই থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় পরিবারটি। 

ক্ষতিগ্রস্তরা হলেন-মালেক দেওয়ান (৭০) ও তার ছেলে রফিক দেওয়ান (২৬)। এই ঘটনায় ঐ পরিবারের আট মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ চায়না আক্তার ও প্রতিবেশী স্বাধীন দেওয়ান আহত হয়েছেন। চায়নাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও স্বাধীন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তারা জানায়, দুপুরে রান্না শেষে চুলা থেকে গরম ছাই উঠিয়ে ঘরের পেছনে স্তূপ করে রেখে যে যার মতন কাজে ব্যস্ত ছিল। হঠাৎ ঘরের পেছনে  আগুন জ্বলতে দেখে তারা। এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসে এবং এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

আরো পড়ুন: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দম্পতি আইসোলেশনে

উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের এক শত কেজি চাল দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা দেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন। 

ইত্তেফাক/এএএম