করোনা ভাইরাস নিয়ে সিনেমা নির্মাণের হিড়িক

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও ঠেকানো সম্ভব হয়নি। এরমধ্যেই একাধিক সিনেমা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া আরও কয়েকটি সিনেমা নিবন্ধনের পথে। এরমধ্যে একটি নির্মাণ করছেন বলিউডের তরুণ নির্মাতা প্রশান্ত ভার্মা, অন্যটি মোস্তাফা কেশভারি।

মোস্তাফা কেশভারি যেটি নির্মাণ করেছেন সেটি কানাডিয়ান থ্রিলার ‘করোনা’। সিনেমাটি একটি অ্যাপার্টমেন্টের লিফটে আটকে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে। নির্মাতা জানান, ছবির শুটিং যখন চলছিল তখনও তিনি জানতেন না করোনা ভাইরাস পুরোবিশ্বে ছড়িয়ে পড়বে। তখন পর্যন্ত এটা শুধু চীনা ভাইরাস। কিন্তু এখন এটা পুরোবিশ্বের জন্য হুমকি।

অন্যদিকে প্রশান্ত ভার্মা নভেল করোনা ভাইরাস মহামারি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করছেন। গতবছর ডিসেম্বরে নভেল করোনা ভাইরাস নিয়ে সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হতে শুরু করলে প্রশান্ত নড়েচড়ে বসেন। সে সময়ই তিনি করোনা ভাইরাসকে ভিত্তি করে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রশান্ত করোনা ভাইরাস বিষয়ে বেশ গবেষণা করেছেন। এ বছর জানুয়ারির শুরুর দিকে তিনি ছবির প্রি-প্রডাকশনের কাজ শুরু করেন। যদিও ছবির কলাকুশলী সম্পর্কে এখনও জানা যায়নি। প্রশান্ত একইসঙ্গে ছবিটির সহ-প্রযোজক হিসেবে কাজ করবেন বলেও সূত্রে বলা হয়েছে। নির্মাতা প্রশান্ত এপ্রিলে ছবির ফার্স্টলুক প্রকাশের পরিকল্পনা করেছেন।

করোনা প্যায়ার হ্যায় নামে একটি সিনেমার নাম নিবন্ধন করেছে ইরোস ইন্টারন্যাশনাল। প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট কৃশিকা লুলা জানান, বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু স্বাভাবিক হয়ে এলেই ‘করোনা প্যায়ার হ্যায়’ শুটিং ফ্লোরে যাবে। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসর কাউন্সিল সূত্র জানায়, সপ্তাহখানেক আগেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়। ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসরস অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, এরইমধ্যে করোনা ভাইরাস সম্পর্কিত বেশকিছু সিনেমার নাম তারা নিবন্ধন করেছেন। যার মধ্যে একটির নাম ‘ডেডলি করোনা’।