করোনা ভাইরাস মোকাবিলায় রাজবাড়ীর চারটি সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের সুরক্ষা ব্যবস্থায় শতাধিক পিপিইসহ মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য, ব্যবসায়ী মো. আশিক মাহমুদ মিতুল হাকিম উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ অনুদান প্রদান করা হয়।
সোমবার পাংশা উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি বিভাগের চিকিত্সা সেবার যন্ত্রাংশ ক্রয়ের জন্য নগদ ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন তিনি। পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন (পাতা) হাসপাতাল কর্তৃপক্ষকে এ অনুদান তুলে দেন। এছাড়াও রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও নার্সের সুরক্ষায় তত্ত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাসের কাছে ২০টি পিপিই, শতাধিক মাস্ক ও গ্লাভস তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
এছাড়া বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় অর্ধশত পিপিই, শতাধিক মাস্ক ও গ্লাভস তুলে দেওয়া হয়।