চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
বুধবার দুপুরে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কুয়াবাসী বাজারে গিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন। এ সময় চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, ফৈলজানা ইউনিয়নের সাবেক মেম্বার কুয়াবাসী গ্রামের আকমল হোসেন কুয়াবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেন। বুধবার উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার ও সহকারী কমিশনার (ভূমি) এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করতে যান। এলাকাবাসী তাদের বিষয়টি জানালে এসিল্যান্ড তাত্ক্ষণিক অবৈধভাবে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানটি উচ্ছেদ করেন।