বাণিজ্যমন্ত্রী টিপু মুনিস বলেছেন, চলমান করোনা সংকটে ক্ষতি কাটিয়ে উঠতে রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকা দান নয়, এটি ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। সেটা সময়ের ব্যবধানে পরিশোধ করতে হবে। গতকাল বুধবার সাধারণ ছুটির দিনে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ৫ হাজার কোটি টাকার প্রণোদনা কীভাবে ঋণ হিসেবে দেওয়া যায়, তার একটি নীতিমালা তৈরি হবে।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েক জন সচিব, কয়েক জন সংসদ সদস্য, এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে অর্থনীতির প্রেক্ষাপট নিয়েই আলোচনা হয়েছে। এজেন্ডা একটাই ছিল, করোনার প্রভাবে অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে সেখান থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালানো যাবে। শিল্পকারখানা বন্ধের সিদ্ধান্ত সরকার থেকে আসেনি। যারা কারখানা চালাতে চান, তারা স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালাবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জনগণকে ঘরে থাকার বিষয়ে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা দরকার। সরকার জনগণকে অনুরোধ জানাচ্ছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে।