বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। কারণ আমরা দেখিয়ে দিতে চাই যে এই দেশে সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’ বৃহস্পতিবার সকালে শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই। কয়েকদিন ধরে দেখছি আমাদের শীর্ষ নেতাদের উপর হামলা করছে আওয়ামী লীগ। সবচেয়ে দুঃখজনক বিষয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসব কাজ করছে তারা।’ তিনি আরো বলেন, ‘ঠাকুরগাঁওয়ে কিছুদিন আগেও এসেছিলাম তখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। গতকাল রাতে আসার পরে এখানে দেখলাম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ’ এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমান বন্দরের পথে রওনা হন।
এদিকে বুধবার রাতে রংপুরের মডার্ণ মোড়ে বিএনপি সমর্থিত প্রার্থী রিটা রহমানের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের যোগসাজশে ৫০ নেতার মনোনয়ন বাতিল করা হয়েছে।’ তিনি বলেন, ‘ধানের শীষের জোয়ারে জনগণের উপর সরকার আর ভরসা করতে পারছে না। তাদের ভরসা এখন রাষ্ট্রযন্ত্রের উপর।’ রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমান, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন দলের নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। জনগণ পরিবর্তন চায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ অদম্য সাহস নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। বুকে সাহস নিয়ে লড়াই করছে। লড়াই করেই জিততে হবে। পরিবর্তন আনতে হবে। দেশে পরিবর্তন না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না।’