রূপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ব্যবসায়ী খুন, আটক তিন

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে অবিনাশ সরকার (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল উপজেলার আধুরিয়া পোড়াবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, দির্ঘদিন যাবত্ চাচাতো ভাই জীবন সরকারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল নিহতের ছেলে সার্ভেয়ার যীষ্ণু সরকার নিজ বাড়ির জমি মাপামাপি শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে জীবন সরকার তার ছেলে অর্জূন সরকার, অনুকুল সরকার ও সহদেব সরকারসহ তাদের পরিবারের লোকজন টেঁটা, বল্লম, ছোড়া ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা উপর্যুপরি কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে অশনি সরকার, তার ভাই অবিনাশ সরকার, ভাতিজা যিষ্ণু সরকার, ছেলে পুলক, অনিক, মেয়ে কাকলী, মাধবী, জয়ন্তি, সুজনসহ ১০ জনকে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় অবিনাশ সরকারকে স্থানীয় মেমোরি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে যিষ্ণু সরকার ও পুলক সরকারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এদিকে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশ অর্জূন সরকার, অনুকুল সরকার ও সহদেব সরকারকে আটক করেছে।

রূপগঞ্জ থানার অফির্সার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে । পুলিশ আসামিদের গ্রেফতারে তত্পর রয়েছে।