নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর ভৌমিকপাড়া এলাকায় বিচার সালিশকে কেন্দ্র করে এক ইউপি সদস্যসহ ছয় জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ইউপি সদস্য নেহালউদ্দিন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর পাচানীপাড়া এলাকার মোস্তফার বাড়িতে দুর্বৃত্তরা কয়েক দিন আগে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে একই এলাকার মোতালের মিয়ার বাড়িতে বিচার সালিশ হয়। বিচার সালিশকে কেন্দ্র করে চৌরাপাড়া পাচানীপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে বাবুলের সঙ্গে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নেহাল উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নেহাল উদ্দিনের লোকজন বাড়িতে ফেরারপথে ভৌমিকপাড়া এলাকায় রফিকের বাড়ির সামনে বাবুলের নেতৃত্বে তার ভাই আউয়াল, আশিক, মিজান, এসহাক, সিরাজ, আল-আমিন, আলমগীর, দাউদ, রিপন, হারুন, মোজাম্মেল, কালাই চান ও মুসা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইউপি সদস্য নেহাল উদ্দিন, সিরাজুল ইসলাম, আমিন উদ্দিন, জহিরুল ইসলাম, কায়েস, শাহিন ও তানভির ও রুবেলের পথরোধ করে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।