কাপাসিয়ায় কোয়ারেন্টাইনে থাকা সাত প্রবাসীকে বাড়ি পৌঁছে দিল প্রশাসন

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি থেকে দেশে আসার পর গাজীপুরের কাপাসিয়ায় একটি কেন্দ্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার পর সাত প্রবাসীকে গতকাল বুধবার সকালে বাড়ি পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন। কোয়ারেন্টাইনের সময়সীমা শেষে তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায় ছাড়পত্র দিয়ে আলাদা গাড়ির মাধ্যমে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, গত ১৪ মার্চ রাতে ইতালি প্রবাসী ৪৪ জন বাংলাদেশি দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিআরটিসি বাসযোগে রাতেই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার জন্য গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু পরে শরীরে জ্বর থাকায় ১৫ মার্চ ৪ জনকে এবং ১৬ মার্চ দুই দফায় ৮ জনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাকে ঐ হাসপাতালে চিকিত্সার জন্য রেখে বাকি ৭ জনকে ১৮ মার্চ রাতে আলাদাভাবে পুনরায় আরো ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য পাঠানো হয় গাজীপুরের কাপাসিয়ায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে। তারপর থেকে সাত জন এখানেই কোয়ারেন্টাইনে ছিলেন।

সরকারের নির্দেশে প্রবাসীদের পৌঁছানোর আগেই ঐ কেন্দ্রটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রাজধানীর বাইরে জেলা পর্যায়ে একমাত্র গাজীপুরেই দুটি স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়। এসব কেন্দ্রে প্রবাসীদের থাকার সকল ব্যবস্থা, তাদের পোশাক, তিন বেলা খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের খরচ কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে বহন করেছে।

ডা. আব্দুস সালাম আরো জানান, এখানে শরীয়তপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলার এক জন করে এবং ঢাকার ৩ জন প্রবাসীস কোয়ারেন্টাইনে ছিলেন। স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অর্থায়নে আলাদাভাবে এই সাত প্রবাসীকে নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীদের বিদায় জানানোর সময় কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম উপস্থিত ছিলেন।