করোনা ভাইরাস-সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ঠেকাতে যৌথভাবে কাজ করছে রাকুতেন ভাইবার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী খুব শিগিগর বিভিন্ন ভাষায় এটি পাওয়া যাবে। করোনা ভাইরাস নিয়ে দ্রুত ছড়িয়ে পড়া ভুল সংবাদ ও মিথ্যা তথ্য ঠেকানোই হবে এই চ্যাটবটের লক্ষ্য। এই মহামারি নিয়ে সদ্য পাওয়া সংবাদ এবং এ নিয়ে জানতে চাওয়া সাধারণ প্রশ্নগুলোর ওপর চ্যাটবটটিতে গুরুত্বারোপ করা হয়েছে।
স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য অনুসন্ধানকারীদের সহায়তার জন্য চ্যাটবটটি ইতিমধ্যে ইংরেজি, আরবি ও রুশ ভাষায় পাওয়া যাচ্ছে। শিগগিরই এটি বাংলাসহ আরো ২০টি ভাষায় অনুবাদ করা হবে। এ বিষয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য স্বাস্থ্যবিষয়ক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তথ্যই শক্তি। এই বৈশ্বিক মহামারির সময় সঠিক তথ্যই মানুষকে বাঁচাতে পারে।’