করোনা ভাইরাস প্রভাব ফেলতে শুরু করেছে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থায়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) লোকসানের মুখে পড়েছে। এই ধাক্কায় ক্রিকেট যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, নিজেদের ইতিহাসের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ মোকাবিলায় ৬ কোটি ১০ লাখ পাউন্ডের প্যাকেজ হাতে নিয়েছে ইসিবি। ৪ কোটি পাউন্ডের কাছাকাছি অর্থ পাওয়া যাবে খুব দ্রুতই। রিক্রিয়েশনাল ক্রিকেটের জন্য সুদ বিহীন ঋণে মিলবে আরো ২ কোটি ১০ লাখ পাউন্ড। চলমান নাভিশ্বাস পরিস্থিতিতে সংস্থাটি খেলোয়াড়দের বেতন কমিয়ে দেবে বলে জানিয়েছে ব্রিটেনের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস পত্রিকা।
গেল মার্চে কোভিড ১৯-এর প্রকোপ বাড়ার পর শ্রীলঙ্কা সফরের মাঝপথেই দেশে ফিরেছে ইংল্যান্ড দল। ইসিবি জানিয়েছে মে’র শেষ পর্যন্ত দেশে কোনোরকম পেশাদার ক্রিকেট অনুষ্ঠিত হবে না। এমনকি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজও হুমকির মুখে পড়েছে।
ইসিবির এক মুখপাত্র বলেন, ‘এই সময়ে আমাদের চুক্তির আওতায় থাকা সব ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে। তাদের এখানে বৃহত্ প্রেক্ষাপটটা বুঝতে হবে।’
ইসিবি নতুন এই উদ্যোগে খেলোয়াড়দের বড়ো ‘আর্থিক ক্ষতি’ হবে। টাইমস জানিয়েছে, জো রুট, বেন স্টোকস ও জস বাটলার, মানে যারা ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটই খেলেন তাদের তিন মাসে মোট বেতনের ২ লাখ পাউন্ড কেটে নেওয়া হবে।
টম হ্যারিসন অবশ্য জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কম নিতে বাধ্য করা হবে না কিংবা বেতন কাটার কথা বলা যাবে না। কিছু কর্মীকে সাময়িক ছুটি দেওয়া যায় কী না, ভেবে দেখবে ইসিবি।
আগামী ২৮ মে অবধি সব রকমের ক্রিকেট বাতিল করা হয়েছে ইংল্যান্ডে। তবে, ইংল্যান্ডে কবে ক্রিকেট শুরু হবে নিশ্চিত নয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।