যুক্তরাষ্ট্রে করোনা চিকিত্সার সরঞ্জাম পাঠাল রাশিয়া

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশটির জন্য মাস্ক ও চিকিত্সার সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর মস্কো এ সাহায্য পাঠাল। সোমবারের কথোপকথনে দুই নেতা প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় সবচেয়ে কার্যকর পদ্ধতি কী হতে পারে, তা নিয়েও আলাপ করেছেন বলে ক্রেমলিন জানিয়েছিল।

বুধবার মস্কোর কাছে একটি বিমানঘাঁটি থেকে বিপুল পরিমাণ চিকিত্সার সরঞ্জাম ও মাস্ক নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান যুক্তরাষ্ট্রের পথে রওনা দেয়। রাশিয়ার রোসিয়া টোয়েন্টিফোর চ্যানেলের ফুটেজে বুধবার স্থানীয় সময় ভোরের দিকে রুশ সামরিক বিমানটির যুক্তরাষ্ট্রের পথে রওনা হওয়ার দৃশ্য দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিমানটি পাঠিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার এ সাহায্য পাঠানোকে  ট্রাম্পের অনেক সমালোচকই ভালো চোখে দেখছেন না। তারা মার্কিন প্রেসিডেন্টকে পুতিনের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন। মস্কো তাদের এ সাহায্য পাঠানোর বিষয়টিকে ভূ-রাজনৈতিক কাজে ও নিজেদের প্রভাব বাড়াতে ব্যবহার করবে বলে সতর্ক করেছেন তারা। সমালোচকদের এ উদ্বেগ উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার রাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ট্রাম্প এ সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন।’ পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প নিজেও ‘রাশিয়া যুক্তরাষ্ট্রে সাহায্য পাঠাচ্ছে’ বলে আনন্দের সঙ্গে জানিয়েছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া, ইউক্রেন ও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ব্যাপক টানাপোড়েন চললেও ট্রাম্পকে বারবারই পুতিনের গুণগান করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রে সাহায্য পাঠানোর প্রসঙ্গে বলতে গিয়ে পেসকভ মস্কোর দরকারের সময় যুক্তরাষ্ট্রও সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন।  রাশিয়া এর আগে করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালিতেও চিকিত্সা সরঞ্জাম পাঠিয়েছিল। তাদের এ সাহায্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বেকায়দায় ফেলে দিয়েছে বলেও মত অনেক বিশ্লেষকের। তারা বলছেন, সদস্যরাষ্ট্রের দরকারের সময় তাদের পাশে না দাঁড়িয়ে ইইউ নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে সাহায্য পাঠিয়ে পুতিন ইতালির পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশ এমনকি নিজের দেশেও বাহবা কুড়িয়েছেন।