ঐতিহাসিক খারাপ সময় পার করেছে বিশ্ব শেয়ারবাজার

করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাবে গেল তিন মাসে বিশ্বের শেয়ারবাজরগুলো ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে। ২০০৮ সালে বিশ্ব মন্দার পর এবার সবচেয়ে বেশি দর কমেছে বড়ো বড় শেয়ারবাজারে। ত্রৈ-মাসিক হিসাবে ১৯৮৭ সালের পর গেল প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সবচেয়ে বেশি দর হারিয়েছে।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ও লন্ডনের এফটিএসই ১০০ সূচকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১৯৮৭ সালের পর সর্বোচ্চ দরপতন হয়েছে। এই তিন মাসে বিশ্বের প্রধান দুই শেয়ারবাজারের সূচক ২৩ শতাংশ ও ২৫ শতাংশ কমেছে। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার কমাতে দেশে দেশে বেশির ভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। ফলে শেয়ারবাজারের এই দরপতন। ইতিমধ্যে বিশ্বমন্দার ঘণ্টা বেজে গেছে। এর আগে বিশ্বমন্দা শুরু হয়েছিল এই শেয়ারবাজারের পতন দিয়ে। করোনা ভাইরাসের কারণে এবার বিশ্ব অর্থনীতিতে যে আঘাত আসবে তাতে বিগত ২০০৮ সালের মন্দার চেয়ে বড়ো আর্থিক সংকট তৈরি হবে বলে অর্থনীতিবিদরা হুঁশিয়ার করেছেন। কোনো দেশই এই অবস্থা থেকে মুক্ত থাকতে পারবে না। সব দেশেরই প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে করোনার প্রভাব কত দিন থাকবে তার ওপর নির্ভর করছে অর্থনীতির ক্ষতি কতটা গভীর হবে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বজুড়ে মূল্য সূচক ২০ শতাংশের বেশি কমেছে। চাহিদা কমে যাওয়ায় তেলের দাম দ্রুত কমে গেছে। ফলে বিশ্ব অর্থবাজারের সমস্যাগুলোকে প্রকট করে তুলেছে।