দেশে ত্রাণের কোনো সংকট নেই ---------- ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশে ত্রাণের কোনো সংকট নেই। প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সাভারের আশুলিয়ায় খেটে খাওয়া দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ২৪ মার্চ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে তাদের চাহিদা অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে ৩৯ হাজার ৪০০ মেট্রিক টন চাল ও ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সব জায়গায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর পরও যথেষ্ট খাদ্যসামগ্রী মজুতও রয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী পরে স্থানীয় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সঙ্গে তার নির্বাচনি এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গত কয়েক দিন ধরেই ব্যক্তিগত উদ্যোগে শ্রীপুর, কন্ডাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে ১০ ট্রাক ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ৪ কেজি আলু, সরিষার তেল, ডাল, লবণসহ বিভিন্ন প্রকার মসলা, মাস্ক, হ্যান্ডওয়াশ, জ্বর ও সর্দির ওষুধ। এছাড়া প্রতিটি বাড়িতেই জীবাণুনাশক স্প্রে করা হয়।