মানুষ উন্নয়নের পক্ষে সারাদেশে নৌকার গণজোয়ার :তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সত্তরের নির্বাচনের মতো এবারো মানুষ উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভোলাসহ সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের পক্ষে মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখে বিএনপি তাদের পরাজয়ের কথা বুঝতে পেরেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের বাংলা স্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ৩০ ডিসেম্বর নির্বাচনে বাংলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। সরকারের ধারাবাহিকতা থাকলে যে দেশে উন্নয়ন হয়, সেটা গত ১০ বছরে বর্তমান সরকার প্রমাণ করেছে। ভোটারদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, আপনাদের প্রতিটা চাহিদা আমি পূরণ করব। ইতোমধ্যে অনেক ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, যেসব বাড়িতে গ্যাস নেই সেসব ঘরে গ্যাস দেওয়া হবে।

পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, শ্রমিক লীগ সম্পাদক মোঃ শাহে আলম, যুবলীগ সম্পাদক ও কাউন্সিলর মোঃ আতিকুর রহমান প্রমুখ।