সাংবাদিক নির্যাতনকারী নাবিলকে জেলহাজতে প্রেরণ

দেশব্যাপী আলোচিত সাংবাদিক নির্যাতনকারী আদনান রহমান নাবিলকে (নাবিল হায়দার) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাকে ভোলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদের আদালতে উপস্থাপন করে। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালতের জিআরও মিলন হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই দেলোয়ার হোসেন আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আগামী অফিস খোলার তারিখে রিমান্ডের শুনানির তারিখ ঘোষণা করে আদালত সাংবাদিক নির্যাতনকারী আদনান রহমান নাবিলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জেলেদের সরকারি সাহায্যের চাল চুরির অভিযোগ করায় ভোলায় সাংবাদিক সাগর চৌধুরীর ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিল হায়দার। ক্ষোভ মেটাতে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন: ভোলায় সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী নাবিল গ্রেপ্তার

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নাবিলকে সুনির্দিষ্ট মামলায় বুধবার (১এপ্রিল) উপজেলা সদরের নিজ বাসা থেকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়। 

পুলিশ সুপার আরো জানান, সাংবাদিক সাগর চৌধুরী অভিযুক্ত আদনানসহ অজ্ঞাত ৫ জনকে আসামি করে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেছেন। মামলার অজ্ঞাত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


ইত্তেফাক/এএএম