কাল থেকে হাতিয়ায় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনায় আগামীকাল শুক্রবার (৩এপ্রিল) থেকে জেলে নৌকাসহ সব ধরণের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম এ ঘোষণা দেন।

ইউএনওর নির্দেশনার পরই হাতিয়ায় মোতায়েন নৌবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন ঘাটে গিয়ে জেলেদের সতর্ক করে মাইকিং করেন।

এর আগে গতকাল বুধবার সকালে হাতিয়ার তমরুদ্দী, জাহাজমারা, নলচিরাসহ বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে জেলেরা দল বেঁধে নদীতে মাছ শিকার করছেন। পাশাপাশি নৌকায় এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতও করছেন অনেক মানুষ। এতে সামাজিক দূরত্ব বজায় না থাকায় জেলেসহ নদী পথে চলাচলকারীদের মাঝে করোনা ভাইরাসের সংক্রামণ দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

পরিদর্শনকালে দেখা যায়, একেকটি জেলে নৌকায় ১৫-২০ জন জেলে গাদাগাদি করে মাছ শিকার করছেন। কারো মুখেই মাস্ক নেই। রান্না-বান্না, খাওয়া সবই চলছে নৌকায়। উদ্ভূত পরিস্থিতিতে নৌবাহিনীর হাতিয়া কন্টিডেজন্ট কমান্ডার লে. শরীফ ইবনে আশ্রাফ নিজেই হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন ঘাটে গিয়ে জেলেদের মাঝে সতর্ক বার্তা প্রচার করেন। তিনি এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের নদীতে মাছ শিকারে বিরত থাকার অনুরোধ করেন। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন: শরীরে করোনা উপসর্গ, আইইডিসিআরে পাঠানো হলো নার্সকে

জানতে চাইলে মেঘনায় জেলে নৌকা দিয়ে মাছ শিকারসহ সব ধরণের নৌ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, একসঙ্গে অনেকগুলো জেলে একটি নৌকায় মাছ ধরার জন্য অবস্থান করায় এবং তারা আবার ঘাটে বিভিন্ন লোকজনের সংস্পর্শে যাওয়ার কারণে তাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রামণ দেখা দিতে পারে। ঝুঁকি এড়াতে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে নৌ চলাচল বন্ধ থাকবে।

ইত্তেফাক/এএএম