রাজধানীর বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দিনমজুর ও দরিদ্রদের খাবার বিতরণ করা হয়েছে। এক পরিবারের জন্য চাল, ডাল, আলু, পিঁয়াজ ও তেল বিতরণ করা হচ্ছে।
বাড্ডায় সাবেক ছাত্রলীগ নেতারা প্রায় দুইশ’ পরিবারের বাড়িতে গিয়ে খাবার বিতরণ করেন। বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক মিলন, গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন সিকদার সুমন, বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াশিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, ছাত্রলীগের সাবেক নেতা চন্দন, রনি, কিরন, শাকিলসহ ২০/২৫ জন সাবেক নেতা এই খাবার বিতরণ করেন।
কলাবাগান থানা এ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে কাঁঠালবাগান এলাকায় তিনশ’ প্যাকেট খাবার বিতরণ করা হয়। কলাবাগান থানা এ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে শহিদুল ইসলাম ঢালী বাবু বলেন, তারা দুপুরের খাবার রান্না করে প্যাকেটে করে পরিবারগুলোর কাছে বিতরণ করেন। এই কর্মসূচি তাদের অব্যাহত থাকবে।
‘সঙ্গে আছি’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন গত চার দিনে প্রায় ৫শ’ পরিবারের কাছে খাবার বিতরণ করেছে। এই সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক বারেক কায়সার, অন্যতম সদস্য আসিফ শওকত কল্লোল, শওকত আলী খান লিথো, তাকি জোবায়ের ও ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী মানুষের কাছ দানের অর্থ সংগ্রহ করে দরিদ্র ও দিনমজুরদের জন্য চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু কিনে বিতরণ করছেন। গত চার দিনে শ্যামপুরের শশ্মানঘাটে ডোমপাড়ায় একশ’ পরিবার, কড়াইল বস্তিতে ২শ’ পরিবার, সানারপাড়, যাত্রাবাড়ী ও আদাবর এলাকায় ১ হাজার পরিবারের মধ্যে খাবার বিতরণ করে।
এছাড়া মতিঝিল ও গুলিস্তান এলাকায় ভবঘুরে বেওয়ারিশ ১শ’ কুকুরকেও এই সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন খাবার খাওয়াচ্ছে।
কলাবাগানের হাতিরপুল এলাকার ‘আমরা করি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আড়াই হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবন ও সাবান বিতরণ করা হয়। এই সংগঠনটির আহবায়ক মো: নূরুল আমীন জানান, তাদের সংগঠনের খন্দকার শহীদুল আলম মিল্টন, মোহাম্মদ নূরুল্লাহ, নাসিম আহমেদ, শাহ আলম, খন্দকার শফিউল আলম মিলন, খন্দকার মাকসুদুল আলম রতনসহ সবার বয়স পঞ্চাশোর্দ্ধ। প্রত্যেকেই আর্থিকভাবে স্বাবলম্বী। জাতির এই দুর্দিনে তারা নিজেদের টাকা দিয়ে প্রতিদিন আড়াই হাজার পরিবারের খাবার বিতরণ করছেন। হাতিরপুল এলাকায় খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল।
কামরাঙ্গীরচরে স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলামের উপস্থিতিতে পশ্চিম রসুলপুর পঞ্চায়েত ১২৬০টি পরিবার, পূর্ব ইসলাম নগর পঞ্চায়েত ৫০০ পরিবার, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ সভাপতি পারভেজ হোসেন বিপ্লবের তত্ত্বাবধানে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে ৫০০টি পরিবার, উজ্জীবন-২০০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামীগীগের সভাপতি আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক সোলেমান মাদবর।
পুরান ঢাকার বংশালে হাজী জুম্মুন কমিউনিটি সেন্টারে ঢাকা ইয়ুথ ক্লাব ও মহাজন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন ১শ পরিবারের জন্য চাল, ডাল, আটা, স্যানিটাইজার, আলু, পিঁয়াজ, লবন, তল, সাবানসহ সর্বোচ্চ তিন দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, বংশাল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদল, ঢাকা ইয়ুথ ক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, ইমতিয়াজ, ইসমাইল, ফায়সালসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মোহাম্মাদপুরে ইম্পাওয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি রুদ্র মিজান, ব্যবসায়ী মোঃ জুয়েল, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সদস্য ও উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান খান, সদস্য আরিফ,উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের যুগ্ন-সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল,সহকারী প্রচার সম্পাদক মিরাজ আত্তারী, মোহাম্মাদ আলি প্রমুখ।
ইত্তেফাক/ইউবি