এক দিনে দুই ম্যাচে রাজি ইংলিশরা

বিডি নিউজ

করোনা ভাইরাসের ছোবলে ইংল্যান্ডে বন্ধ রয়েছে সব ধরনের পেশাদার ক্রিকেট। খেলা আবার কবে শুরু হবে, তার নেই কোনো নিশ্চয়তা। তবে পরিস্থিতি ঠিক হলে ইংল্যান্ডের টেস্ট ও সীমিত ওভারের দুই দলকে একই দিনে দেখা যেতে পারে আলাদা মাঠে। তাতে অবশ্য কোনো সমস্যা দেখছেন না এউইন মরগ্যান। যে কোনো বিকল্প ভাবনা কার্যকর হতে পারে বলে মনে করেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বর্তমান পরিস্থিতিতে ইংলিশ গ্রীষ্মের অনেকটাই ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। আবার খেলা শুরু হলে সূচির দাবি মেটাতে একই সময়ে মাঠে দেখা যেতে পারে ইংল্যান্ডের দুটি (একটি টেস্ট, অন্যটি ওয়ানডে বা টি-টোয়েন্টি) দলকে, ইতিমধ্যে জানিয়েছে ইসিবি।

সামনে দেশের মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা আছে অস্ট্রেলিয়ার। একই দিনে দুই ম্যাচ হলে তাদের সমর্থন থাকবে বলেই জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগ্যান, ‘এই ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রতিটি বিকল্পই কার্যকর হতে পারে। অবশ্যই আমার এরকম (এক দিনে দুই ম্যাচ) কিছুর অভিজ্ঞতা কখনো হয়নি। অন্য কারো হয়েছে বলেও মনে হয় না। যত বেশি সম্ভব ক্রিকেট খেলার সুযোগ যদি পাওয়া যায়, তাহলে আমি মনে করি, প্রতিটি খেলোয়াড় তাতে সমর্থন দেবে। আমি তো অবশ্যই।’