স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীর পাশে দাঁড়াতে চেষ্টা করছে দেশের ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের ক্রিকেটাররা বেতনের অর্ধেক দিয়ে তুলেছেন ৩১ লাখ টাকা। এবার চলতি বছর বিসিবির চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটারও হাত বাড়ালেন। তারাও বেতনের অর্ধেক তুলে দিয়েছেন করোনা সংকট মোকাবিলার জন্য। গতকাল জানা গেছে, ৯ লাখ ৮০ হাজার টাকা তুলেছেন তারা।
প্রথম শ্রেণির ক্রিকেটাররা এই অর্থ তুলে দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর করোনা তহবিলে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কোয়াব।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণির ক্রিকেটাররা যে মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ক্রিকেটারদের সংগঠন হিসেবে তাদের এই গুরুত্ববহ সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছি।’
উল্লেখ্য, তিন গ্রেডে মাসিক বেতন পেয়ে থাকেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা। ‘এ’, ‘বি’, ‘সি’ গ্রেডে যথাক্রমে ২৮ হাজার ৭৫০, ২৩ হাজার ও ১৭ হাজার ২৫০ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। যদিও গত আট বছরে তাদের বেতন বেড়েছে মাত্র একবার।