সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন সময় এক ঘণ্টা বাড়বে

ইত্তেফাক রিপোর্ট

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পূর্ব ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। একই সঙ্গে সাধারণ ছুটি চলাকালীন সময়ে সীমিত আকারে ব্যাংক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পূর্বঘোষিত সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকে গ্রাহকরা লেনদেন করতে পারবে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে ৩টা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত সপ্তাহে গ্রাহকরা ব্যাংকে ১০টা থেকে দুই ঘণ্টা লেনদেন করার সুযোগ পেয়েছে। আর ব্যাংক খোলা ছিল বেলা একটা পর্যন্ত।

দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পূর্বঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। সেজন্য আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হলো। এই দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। তবে নগদ লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল ৩টা পর্যন্ত কাজ করতে পারবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, উল্লেখিত সময়ে গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি বা পে-অর্ডার ইত্যাদি ইস্যু, ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমের অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

 

 

০