ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. খোরশেদ আলম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিরা হলেন-দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজ মিয়া, শুভাড্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান।
আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে বলা হয়, বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ২৫ ডিসেম্বর ৩০০/৪০০ নেতা-কর্মী নিয়ে শুভাড্যার চুনকুটিয়ায় সাবান ফ্যাক্টরির গলিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অজ্ঞাতনামা কতিপয় দুষ্কৃতকারী মিছিলের উপর ইট নিক্ষেপ করে গয়েশ্বর চন্দ্র রায়ের মাথায় আঘাতসহ বিভিন্ন নেতাকর্মীকে আহত করে। এছাড়া আসামিরা বিএনপির কয়েকজন নেতাকর্মীর টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।