জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ কৃষকের মুখে হাসির ঝিলিক ফোটাচ্ছে। পরিবেশ অনুকূলে থাকায় এবং তেমন কোনো রোগ-বালাই না থাকায় উত্পাদন খরচও কম হবে। এদিকে ধানের পাশাপাশি পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, আলুসহ নিত্যপণ্যের চাষাবাদও করেছে অনেক কৃষক। কৃষি বিভাগের দাবি, সব মিলিয়ে ধানসহ অন্যান্য কৃষি পণ্যের উত্পাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। সারাদেশে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লেও কৃষকরা জমির ক্ষেতের পরিচর্যার কোনো কমতি করছেন না। তবে অনেক কৃষক মোবাইল ফোনে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে রোগ-বালাই দমনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃষক ফুলবাবু জানান, তার জমিতে পোকার আক্রমণ হলে, তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে পরামর্শ নিয়ে ধান খেতে কীটনাশক স্প্রে করেছেন। বিদ্যুত্সহ লোডশেডিং না থাকায় সেচ দিতে পারছেন নিয়মিত। তিনি আশা করছেন, সব ঠিকঠাক থাকলে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন পাবেন। ধরনীবাড়ি ইউনিয়নের কৃষক শাহীনুর জানান, বোরো ধানের পাশাপাশি ৫০ শতক জমিতে শাক-সবজি চাষাবাদ করেছি। আবহাওয়া অনুকূল থাকায় এসব বিক্রি করে মোটামুটি লাভবান হচ্ছি।
উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, কৃষকরা চাষাবাদে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সুফল পেতে শুরু করেছে। আশা করছি চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানসহ সব ফসলের বাম্পার ফলন পাবেন।