ঈশ্বরগঞ্জে সর্দি-জ্বরে মৃত চার জন করোনায় আক্রান্ত নন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)  সংবাদদাতা

গত ২৬ মার্চ হতে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। আক্রান্ত ইতি বেগমকে (২০) গত বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ওপপ কর্মকর্তা ডা. নুরুল হুদা খান। চার জনের মৃত্যুতে ঈশরগঞ্জের সর্বসাধারণের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, গত ২৬ মার্চ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবীর ভুলসোমা গ্রামের নেওয়াজ আলীর মেয়ে নাজমা (২৫), ২৭ মার্চ তার চাচা আব্দুর রাজ্জাক (৬০), ৩১ মার্চ ঈশ্বরগঞ্জে বোনের বাড়ি গোল্লা জয়পুর গ্রামে বেড়াতে এসে কেন্দুয়া উপজেলার জল্লি গ্রামের হোসেন আলী (২০) ও মধুপুর বাজারের আব্দুল বারেক (৬০) সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তিদের কোনো পরীক্ষা ছাড়াই দাফন করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান, মাঠপর্যায়ে মেডিক্যাল টিম তথ্যানুসন্ধান করে জানতে পারেন মৃত ব্যক্তিরা সর্দি-জ্বর ছাড়াও বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। মৃত ব্যক্তিদের পারিবারিক বর্ণনা মতে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না।

এদিকে গত বৃহস্পতিবার চরহোসেনপুর গ্রামে শিমুল তলায় জিয়াউর রহমান (৩৫) নামে এক করোনা রোগী এসেছে বলে শহরে গুজব ছড়িয়ে পড়ে। পরে ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে মেডিক্যাল টিম গিয়ে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়। হাসপাতালে পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি বলে ডা. নুরুল হুদা খান জানান।