নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় গুজবের কারণে হাসপাতালে সর্দি-জ্বর নিয়ে আসা সাধারণ রোগীদের নানান সমস্যা হচ্ছে। আবার গ্রাম থেকে কোনো রোগী অ্যাম্বুলেন্সে নেত্রকোনায় বা ময়মনসিংহ গেলে তাদের করোনা রোগী যাচ্ছে বলে কিছু লোক গুজব রটিয়ে দেয়। গত বুধবার বিকালে মোহনগঞ্জ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের রমজান আলী নামের এক লোক সর্দি কাশির চিকিত্সার জন্য মোহনগঞ্জ হাসপাতালে গেলে এলাকার লোকজন খবর পেয়ে তার করোনা রোগ হয়েছে বলে চিত্কার শুরু করে এবং এখানে চিকিত্সা করা যাবে না বলে হইহুল্লোড় করতে থাকলে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক রমজান আলীকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ হাসপাতালে পাঠাতে বাধ্য হন। সেখানে তার চিকিত্সা করা হয় এবং তার মধ্যে করোনার কোনো চিহ্নই নাই বলে তাকে ফেরত পাঠানো হয়। তবে নেত্রকোনা জেলা স্বাস্থ্য বিভাগ গুজব বন্ধে নানান পদক্ষেপ নিয়েছে।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে প্রচারণামূলক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার থেকে প্রতিদিন নেত্রকোনায় সন্দেহভাজন করোনা রোগীর স্যাম্পল সংগ্রহ করা হবে এবং তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হবে। যদি কেউ সরকার প্রদত্ত নম্বরে মোবাইল করেন, তাহলে চিকিত্সকরা বাসায় গিয়ে তার নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। এর ফলে পরীক্ষা নিয়ে আর কোনো গুজব রটবে না। বিপুলসংখ্যক ব্যক্তির পরীক্ষাও হবে।