গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
সরকারের গৃহিত কর্মসূচির আলোকে গঙ্গাচড়ায় কর্মহীন শ্রমজীবী মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ৯ ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী সরবরাহ কার্যক্রম চলছে।
মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, তার ইউনিয়ন থেকে ৩০০ কর্মহীন লোকের তালিকা জমা দেওয়া হয়েছে। এ তালিকা আরো বাড়বে। কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র এক টন চাল। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, হোটেলের বয়, রিকশাচালক, ভ্যানচালক, ফকির এ রকম কর্মহীন দেড় হাজার মানুষের তালিকা করা হয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে এক টন। এ চাল কাকে দেই। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এসব মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত ৯ ইউনিয়নে ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ টন চাল প্যাকেট করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন। তবে প্যাকেটে ১০ কেজি চাল ছাড়াও রয়েছে ডাল ও আলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম বলেন, এ পর্যন্ত ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে ডাল দেওয়া হচ্ছে।