বাংলাদেশে ভ্রমণের আগে মার্কিনিদের ভিসা সংগ্রহের আহ্বান

বাংলাদেশে ভ্রমণে আসার আগেই যথাযথ ভিসা সংগ্রহ করতে সব মার্কিন নাগরিককে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে এই পরামর্শ দিয়েছে। বিবৃতিতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা যদি বাংলাদেশে আসতে চান, তাহলে এখানে পৌঁছানোর আগেই ভিসা সংগ্রহ করতে জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। সম্প্র্রতি কিছু মার্কিন নাগরিক, বিশেষত যারা যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন, তারা পৌঁছামাত্র ভিসার (অন এরাইভাল ভিসা) সব চাহিদা পূরণ করা সত্ত্বেও, তাদেরকে বাংলাদেশে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। তাই দূতাবাস স্মরণ করিয়ে দিচ্ছে যে, বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া বা না দেওয়া পুরোটাই বাংলাদেশি কর্মকর্তাদের মর্জির ওপর নির্ভর করে। এসব ভ্রমণকারীদের এক্ষেত্রে কনস্যুলার সহায়তা দেওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে।