নির্বাচনে ভীতিহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয়-ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একইসঙ্গে নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিবের পক্ষে বিবৃতিটি দেন তার মুখপাত্র স্টেফানে ডুজারিক।

বিবৃতিতে বলা হয়, ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়-ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যাতে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়। ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু, নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ এবং আস্থা বোধ করেন। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাদের দায়িত্ব পালনে যাতে পূর্ণ সহায়তা পান। জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।